ঐতিহাসিক জয় পাওয়ায় টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান। টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।


অভিনন্দন বার্তায় রাষ্ট্র প্রধান নিউজিল্যান্ডকে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি হামিদ আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।


অভিনন্দন বার্তায় ক্রিকেট-প্রেমি প্রধানমন্ত্রী টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ১৭ ম্যাচ অপরাজিত নিউজিল্যান্ডকে দেশের মাটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বুধবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।


ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দুরন্ত জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।