কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ: বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারবিভাগী তদন্ত চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেছেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন।
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী আব্দুল্লাহ আল হারুন।
রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, কক্সবাজারে র্যাবের কমান্ডিং অফিসার, জেলা প্রশাসক ও টুরিস্ট পুলিশের সুপার এবং টুরিস্ট পুলিশের ডিআইজিকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী রাসেল জানান, পুলিশ কক্সবাজারের ঘটনা তদন্ত করছে। কিন্তু আইনশৃঙ্খলাবাহিনীগুলোর তরফ থেকে নানা ধরনের বক্তব্য এসেছে, যা অনেকক্ষেত্রে ‘পরস্পরবিরোধী’।
তিনি বলেন, 'বিচারিক অনুন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য রুল চেয়ে আমি জনস্বার্থে রিট আবেদনটি করেছি। চলতি সপ্তাহেই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।'
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে এক নারী পর্যটককে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামে একটি হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র্যাব।








