জাতীয় স্মৃতিসৌধে সীমিত লোক নিয়ে হবে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কোভিডের কারণে এবার সীমিত সংখ্যক ব্যক্তি
নিয়ে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক
অর্পণকালে নির্ধারিত ব্যক্তি ছাড়া উপস্থিত থাকতে পারবেন না কেউ।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) সরকারি এক বিজ্ঞপ্তিতে
এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহান বিজয় দিবস-২০২১’ উপলক্ষে বৃহস্পতিবার
(১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পুষ্পস্তবক
অর্পণ করবেন।
কোভিড-১৯ এর কারণে সার্বিক বিষয় বিবেচনায়
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের সময় সীমিত সংখ্যক কর্মকর্তা ও ব্যক্তিরা
উপস্থিত থাকবেন। তাদের মধ্যে শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী,
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ৯ পদাতিক ডিভিশনের
জিওসি, ঢাকা বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।








