ওমিক্রনে আক্রান্ত ৩ নারী ক্রিকেটার মুগদা হাসপাতালে ভর্তি

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত তিন নারী ক্রিকেটারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। আরেকজন আক্রান্ত ডেল্টায়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের অবস্থা খারাপ এমন নয়। তিনজনই ভালো আছেন। তাঁদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণে রাখার জন্য হাসপাতালে আনা হয়েছে।

 

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে দেশে ফেরা দুজন নারী ক্রিকেটারের দেহে করোনা শনাক্ত হয়। পরে আরও একজন ওই ভাইরাসে আক্রান্ত হন। করোনার কারণে বিশ্বকাপ বাছাইপর্বও বাতিল করা হয়।