লঙ্কা সফরের আগে দুশ্চিন্তায় পেসারদের চোট
শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে পারবেন না তাসকিন
আহমেদ। সম্পূর্ণ ফিট হয়ে ওয়ানডে বা টি২০ সিরিজ খেলতে পারবেন সেই নিশ্চয়তাও দিতে
পারছে না বিসিবির মেডিকেল বিভাগ। তাসকিনের না থাকার সঙ্গে পেস বিভাগে নতুন করে
দুশ্চিন্তা বাড়িয়েছে শরিফুল ইসলামের চোট।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেশির চোট
পাওয়া শরিফুলকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আইপিএল থেকে বাঁহাতের
বৃদ্ধাঙ্গুলির হাড়ের চিড় নিয়ে দেশে ফেরা মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে
তিন সপ্তাহ। এভাবে একের পর এক পেসারের চোটে পড়া জাতীয় দলের বোলিংয়ের শক্তি হ্রাস
করেছে। এই তিন পেসার পুরো ফিট না হলে শ্রীলঙ্কা সফরে বোলিং নিয়ে ভুগতে হতে পারে
বাংলাদেশকে।
এক বছর আগেও পেস বোলিং ইউনিটকে বড় মনে করা
হচ্ছিল। তাসকিনের গোড়ালির হাড় বৃদ্ধিতে সেখানে বড় ধাক্কা লাগে। মূল বোলার চোটে
থাকায় কোটা পূরণ করতে হচ্ছে বিকল্প তালিকা থেকে। অভিজ্ঞ এ পেসার না থাকায় তিন
সংস্করণে খেলছেন তানজিম হাসান সাকিব। ফলে সাদা ও লাল বলের গেমের সঙ্গে মানিয়ে নিতে
গিয়ে খাবি খেতে হচ্ছে তাঁকে। ডানহাতি এ পেসার আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে
টি২০ সিরিজে ভালো করতে পারেননি। বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও এ দুই সিরিজে
পুরোনো ছন্দে দেখা যায়নি। চোটপ্রবণ এ পেসার চোটেও পড়েন পাকিস্তানে। সিরিজের শেষ
ম্যাচটি খেলা হয়নি তাঁর।
বিসিবির প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরীর কাছে
তিন পেসারের চোট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তাসকিনের
ব্যাপারটা বলা কঠিন। তার সময় লাগবে। মাত্র ৭০ ভাগ ফিট হয়েছে। টেস্টে তো খেলতে
পারবেই না, ওয়ানডে বা টি২০ খেলতে পারবে কিনা, তা পরে বলতে পারব। শরিফুলের বিষয়টি
আমি পরিষ্কার না। গ্রোইনে ব্যথা থাকলেও এমআরআই রিপোর্টে তেমন কিছু নেই। দেশে ফিরলে
পর্যবেক্ষণ করে বলতে পারব গভীর চোট না হালকা। আশা করা যায়, শ্রীলঙ্কা সিরিজে দল
নির্বাচনে মেডিকেলি ফিট থাকবে। মুস্তাফিজের হাড়ে চিড় এক সপ্তাহ হয়ে গেছে। আর দুই
সপ্তাহ পর খেলায় ফিরতে পারবে। শ্রীলঙ্কা সফরের এখনও দেরি আছে। তার আগেই ফিট হয়ে
যাবে।’
এবার টেস্ট দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু। মুস্তাফিজ
খেলেন সাদা বলের ক্রিকেট। সে ক্ষেত্রে পুরো ফিট হয়ে খেলায় ফিরতে পারবেন বাঁহাতি এ
পেসার। তিন পেসারের চোট থাকায় পাকিস্তানে হাসান মাহমুদ, তানজিম হাসানের সঙ্গে
খালেদ আহমেদকে খেলতে হচ্ছে। হাঁটুর চোট থেকে ফেরা এবাদত হোসেনকে আন্তর্জাতিক
ক্রিকেটে ফিরতে অপেক্ষা করতে হবে। শ্রীলঙ্কা সফরে হাসান, খালেদ, সাকিবের সঙ্গে
নাহিদ রানা থাকবেন। বিকল্প প্রয়োজন হলে নেওয়া হবে শরিফুল ইসলামকে।








