কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে
গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন কামাল হোসেন নামের এক যুবক। পরে তাকে কারাগারে
পাঠানো হয়। মঙ্গলবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার কামাল হোসেন কুমিল্লা নগরীর
কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার
হালিমা খাতুন জানান, কামাল হোসেন আজ এক দর্শনার্থীর সঙ্গে দেখা করতে আসেন। তাকে
দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করেন দুই কারারক্ষী। এ সময় তার কাছ
থেকে ১৩ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের সাজা ও
আর্থিক জরিমানা করে কারাগারে পাঠানো হয়।








