মায়োর্কার বিপক্ষে জিতেও সতর্কবার্তা পেল বার্সা
লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা।
ঘরের মাঠে ৪৬ মিনিটে দানি অলমোর গোলে ১-০ গোলে জিতেছে কাতালানরা। এই জয়ে লা লিগা
শিরোপার পথে আরও এগিয়ে গেছে হানসি ফ্লিকের দল। তবে এই জয়ের মধ্যেও বার্সার জন্য
আছে সতর্কবার্তা।
বার্সা
লিগে ঠিক আগের ম্যাচটায় সেল্টা ভিগোর বিপক্ষে হারতে বসেছিল। যদিও রাফিনিয়ার যোগ
করা সময়ে নেওয়া পেনাল্টি থেকে পাওয়া গোলে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছিল কাতালানরা।
এরপর মায়োর্কার বিপক্ষে ছোট্ট জয়। তার আগে লিগে লেগানেসের বিপক্ষে আত্মঘাতী থেকে
পাওয়া গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বার্সা।
লিগে টানা তিন ম্যাচে এমন টেনে-টুনে পাওয়া জয়ই বার্সার জন্য সতর্কবার্তা হয়ে
এসেছে। লিগ টেবিলে হানসি ফ্লিকের দল শীর্ষে থাকলেও শিরোপা ঘরে তোলা নিশ্চিত হয়নি।
তাদের হাতে আছে ৫টি লিগ ম্যাচ। এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১ মে এর
ক্লাসিকো রয়েছে। শেষ দুই লিগ ম্যাচে ভিয়ারিয়াল ও অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে
খেলবেন রাফিনিয়া, ইয়ামালরা।
বার্সা
যদি শেষ ৫ লিগ ম্যাচের দুটিতে হেরে যায় কিংবা এক হারের সঙ্গে দুই ম্যাচে ড্র করে
সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের সামনে শিরোপা জয়ের সুযোগ চলে আসবে। ওদিকে ইনজুরির
কারণে রর্বাট লেভানডভস্কি ছিটকে গেছেন। মায়োর্কার বিপক্ষে ম্যাচই তাই বার্সার জন্য
সতর্কবার্তা।
যদিও বার্সা কোচ ফ্লিক মায়োর্কার বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি। ম্যাচে ৪০টি শট
নিয়ে কাতালানরা গোল পেয়েছে একটি। জার্মান কোচ ওই সুযোগ তৈরি করা ও দলের ভালো খেলার
প্রশংসা করেছেন, ‘আমরা ভালো ম্যাচ কাটিয়েছে। অনেক
সুযোগ তৈরি করেছি এবং ক্লিনশিট রেখেছি। সবাই কম-বেশি অবদান রেখেছে। এটাই
গুরুত্বপূর্ণ।’
লা লিগা
ও কোপা দেল রে’র শিরোপা রিয়ালের বিপক্ষে জয়ের ওপর নির্ভর করার বিষয়ে
ফ্লিক বলেন, ‘দুই দলের মধ্যে (রিয়াল ও বার্সা) শিরোপা নির্ধারণী
লড়াই হবে এটা অবাক হওয়ার মতো কোন ঘটনা নয়। রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তির
প্রতি আমার অগাধ সম্মান রয়েছে। বিশ্বের অন্যতম সেরা কোচ তিনি।’








