ছয় কার্যদিবস পর কমল সূচক

দেশের পুঁজিবাজারে টানা ছয় কার্যদিবসে সূচক ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল রোববার সূচকের পতন ঘটেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে অধিকাংশ সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও কমেছে মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর আগে পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন দেখা দিলে সংবাদ সম্মেলন করে মতিঝিলে সমাবেশে করেন বিনিয়োগকারীরা। সমাবেশের ডাক দেয়ার পর থেকেই পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। এর মধ্যে টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল পতন ঘটেছে পুঁজিবাজারে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে ৯২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমে ২৪০টির। এছাড়া ৬৩টির দাম অপরিবর্তিত ছিল। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ দশমিক ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় শূন্য চার দশমিক ২৫ পয়েন্ট কমে এক হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় এক দশমিক শূন্য ছয় পয়েন্ট কমে এক হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫৫ কোটি ৫৫ লাখ টাকা।
গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে ছিল খান ব্রাদার্স লিমিটেড। এদিন খান ব্রাদার্সের ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নিউ লাইন ক্লথিংয়ের ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে ছিল বীচ হ্যাচারি লিমিটেড। গতকাল লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলোÑ রবি অজিয়াটা, খুলনা পেপার, ওরিয়ন ইনফিউশন, এনার্জিপ্যাক পাওয়ার, নাভানা ফার্মা, সিটি ব্যাংক, সেন্ট্রাল ফার্মা।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৭ প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮২টির এবং ২৮টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে পাঁচ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ৬৮ লাখ টাকা।








