দেশে প্রথমবারের মত ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ডে’ উদযাপন

বাংলাদেশে প্রথমবারের মতো 'আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে' (স্নাতক গবেষণা দিবস) পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। শুক্রবার টিএসসি প্রাঙ্গণে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেছে তারা। এবারে প্রতিপাদ্য ছিল 'রিসার্চ ফর রিফরমেশন' তথা 'সংস্কারের জন্য গবেষণা'। 

দিনব্যাপী কেক কাটা, বেলুন উড্ডয়ন, রিসার্চ র‍্যালি, রিসার্চ টক ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। 

এদিকে সকালে টিএসসি ক্যাফেটেরিয়ায় 'রিসার্চ টক' ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এসময় স্বাগত বক্তব্যে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি ফাহিম হাসান মাহাদী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুদ্দীন আহমদ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষণার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। স্নাতক শিক্ষার্থীদের গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং স্নাতক গবেষণার ধারণা এদেশে বিকশিত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের অবদান রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পর সেখানে স্থায়ীভাবে বসবাসকে নিরুৎসাহিত করেন। 

তিনি বলেন, 'ব্রেইন ড্রেইন'কে 'রিভার্স ব্রেইন ড্রেইন' এ পরিণত করতে হবে। গবেষণা সংসদের সংসদের সকল হালনাগাদ তথ্য পর্যবেক্ষণের পরিসংখ্যান পদ্ধতি অনুসরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন ঘটাতে গবেষণা সংসদের বিভিন্ন জরিপ এবং সমীক্ষা পর্যালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের প্রভাষক মো. জহির রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও গবেষণা সংসদের সাবেক রিসার্চ কো-অর্ডিনেটর মুকসিদা জাহান উপমা। 

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাবেক সভাপতি নাসরীন জেবিন।

প্রসঙ্গত, স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা, গবেষণাভীতি দূর করা, গবেষণা ক্যারিয়ারে ধাবিত করা এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যাত্রা শুরু হয়।