ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ২ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে জেলা শহরের সরকারি মডেল গার্লস হাইস্কুলে এ ঘটনা ঘটে।
আহতরা শিক্ষার্থীরা হলেন বোরহান উদ্দিন (২১) ও মো. ফয়সাল (২৭)। তাদের শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের মডেল গার্লস হাইস্কুল মাঠে সভার আয়োজন করা হয়। এতে জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হন। সভার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বোরহান ও ফয়সলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।








