সাবেক মেয়র আতিক ৫ দিনের রিমান্ডে
রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে আতিকুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।








