আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজনকে মারধর

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। গুলিস্তানের
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির কিছু নেতাকর্মী অবস্থান নেন। এ সময় বেলা ১টায়
রাশেদ হায়দার নামে এক যুবক জয় বাংলা স্লোগান দিতে শুরু করলে বিএনপির নেতা কর্মীরা
তাকে আটকে মারধর শুরু করে।
প্রায় ১৫ মিনিট ধরে যুবককে মারধরের ঘটনা ঘটে। জানা যায়, রাশেদ হায়দারের বাড়ি নারায়ণগঞ্জ। এক পর্যায়ে তাকে মারতে মারতে গুলিস্তানের জিরো পয়েন্টে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরও
কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে। তাদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে ও ছিঁড়ে যায়।
এর আগে রোববার বেলা ১০টার আওয়ামী লীগ কার্যালয়ের
সামনে কিছু যুবককে সন্দেহজনক ভাবে চলাফেরা করতে দেখা যায়। তখন বিএনপির নেতাকর্মীরা
‘জিয়ার সৈনিক এক হও’, ‘একটা
একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়ে তাদের পেটাতে শুরু করে। একজনকে পেটানোর সময় পুলিশকে
সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।








