ফেরিডুবির ৫ দিন পর আরেকটি ট্রাক উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি মালবাহী যানবাহনসহ ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় আরেকটি ট্রাক উদ্ধার করেছে। রোববার বেলা তিনটার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে নদী থেকে ট্রাকটি উদ্ধার করে পাটুরিয়ার ২ নম্বর ঘাটের পন্টুনে আনা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে ফেরির সঙ্গে ডুবে যাওয়া তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হলো।
এদিকে পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা ৫ দিনেও উদ্ধার হয়নি। ফেরি উদ্ধারে হামজা, রুস্তম ও প্রত্যয় ব্যর্থ হওয়ায় নতুন করে আসছে ঝিনাই-১। শনিবার নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়েছে ঝিনাই-১।
আরিচা অফিসের বিআউডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ধারণ ক্ষমতা চেয়ে ফেরির ওজন বেশি।
ফলে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করতে পারেনি হামজা, রুস্তম ও প্রত্যয়। ফেরি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে ঝিনাই-১ আসছে। এই জাহাজটি এসে পৌঁছালেই ডুবে থাকা ফেরিটি উত্তোলনের মূল কাজে যাবে বিআইডব্লিউটিএ।’
উল্লেখ্য, বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের কাছে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ঘন কুয়াশার কারণে নোঙর থাকা অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায়।








