ঢাবি ছাত্র অধিকারের সভাপতিসহ ৮ জনের জামিন

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে
ছাত্রলীগের দুই নেতার করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের
সভাপতি আখতার হোসেনসহ আটজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ নভেম্বর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার
আদালতে আইনজীবীর মাধ্যমে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন
মঞ্জুর করেন।
জামিন পাওয়া অপর আসামিরা হলেন- ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ
সম্পাদক আকরাম হোসাইন, ছাত্র অধিকারের নেতা সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল
ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ।
গত শনিবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল
ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
(বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে শুক্রবার (৭ অক্টোবর)
ঢাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে আসামিরা কাউকে
কিছু না জানিয়েই পূর্ব পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে
বেআইনিভাবে সমাবেত হয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।
আসামিরা তাদের বক্তব্যে সরকার, সরকার প্রধান ও বিভিন্ন মন্ত্রী,
রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। তখন ছাত্রলীগ প্রতিবাদ করলে
আসামিরা রড, হকিস্টিক, বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করেন।
এসময় আসামিরা সাড়ে ১০ হাজার টাকা চুরি করে নেন।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে থাকা চেয়ার ও মাইক ভাঙচুর
করেন। পুড়িয়ে দেওয়া হয় ছাত্র অধিকার পরিষদের ব্যানার ও ফেস্টুন। এতে পণ্ড হয়ে যায়
সমাবেশ।
এ ঘটনায় ৮ অক্টোবর দুই নেতা বাদী হয়ে শাহবাগ থানায় পৃথক দুইটি
মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।








