রির্জাভের যে অবস্থা, এলএনজি আমদানির ঝুঁকি নিতে চায় না সরকার

দেশে রির্জাভের যে অবস্থা, তাতে সরকার এলএনজি
আমদানির ঝুঁকি নিতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ
সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেছেন, আমাদের গ্যাসের সংকট।
এরই প্রেক্ষাপটে যদি আমরা ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করি তাতে আগামী ছয় মাসে ১
দশমিক ২ বিলিয়ন ডলার খরচ হবে। কিন্তু আমাদের রিজার্ভের যে অবস্থা, তাতে আমরা ঝুঁকি
নিতে পারি না। বরং সাশ্রয়ী করতে আমরা কৃচ্ছ্বতা গ্রহণ করতে পারি। আমাদের এখন
সাশ্রয়ী করা ছাড়া কোনো উপায় নাই।
আজ রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ
চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত শিল্পে জ্বালানি সংকট সমাধান শীর্ষক এক
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় শিল্প বাঁচাতে প্রয়োজনে
আমরা দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখার কথা বলেন এ উপদেষ্টা।
তিনি বলেন, এলএনজি এখন আমরা আনছি না। এ সময়ে ২৫ ডলার হিসাব ধরেও যদি এলএনজি আমদানি করতে যাই, চাহিদা মেটাতে অন্তত ৬ মাস কেনার মতো অবস্থা আছে কি না- জানি না। আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে। আমরা জানি না সামনে কি হবে। যদি জানতাম তাহলে সিদ্ধান্ত নিতে পারতাম। সমস্ত ইউরোপের ধনী দেশগুলো এলএনজি কিনে নিয়ে যাচ্ছে। ফলে আগামীতে এ দাম কোথায় যাবে তা আমরা বলতে পারি না। আমাদের চাহিদা কমিয়ে এবং টুকটাক নাড়াচাড়া করে গ্যাস পাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ভোলাতে কিছু গ্যাস
আছে, সেগুলো আমরা সিএনজিতে নিয়ে আসব। সেখানে ৮০ এমএমসি গ্যাস আছে। আমরা দুই-তিন
মাসে সেটা নিয়ে আসার চেষ্টা করব। অপরদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে
যাচ্ছি। জানুয়ারি-ফেব্রুয়ারিতে এক হাজার মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ পাব। আরো এক
হাজার মেগাওয়াট সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদন করব। তখন সমস্যার সমাধান অনেকটাই
করতে পারব।ভোলাতে কিছু গ্যাস রয়েছে। ওই গ্যাস সিএনজি করে আমরা বার্জে করে ঢাকায়
নিয়ে আসবো।
তিনি বলেন, বিদ্যুৎ যদি আমরা কম সরবরাহ করি
তাহলে লোডশেডিং বাড়বে। তখন আপনারা বলবেন কেন লোডশেডিং হচ্ছে। কিন্তু আমরা সবাই
মিলে যদি একটু কম ব্যবহার করার চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব। শিল্পের স্বার্থে
যতি আমরা এসি বন্ধ করতে পারি তাহলে কিন্তু ৬-৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ী হতে
পারে। সবই আপনাদের স্বার্থে আমরা সবাই মিলে যদি চাই লোড কমাবো তাহলে কিন্তু
বিদ্যুৎ সাশ্রয়ী সম্ভব। এতে গ্যাস ও বিদ্যুৎ রিলিজ হবে।








